রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর, নারীপক্ষের পাঁচ দাবি
- সর্বশেষ আপডেট ০৬:৩৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 126
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার মধ্যরাতে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারীপক্ষ। প্রায় অর্ধশত বছর ধরে নিম্নআয়ের মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসা বেসরকারি এই স্বাস্থ্যকেন্দ্রটি গত ২৪ সেপ্টেম্বর রাতে ভাঙচুর করা হয়। এ সময় চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, শিশুদের টিকাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে।
নারীপক্ষের অভিযোগ, স্বাস্থ্যসেবা কেন্দ্রটির জমি নিজেদের দাবি করে সেখানে ‘সমমনা ব্যবসায়ী পরিষদ লিমিটেড’-এর ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে মধ্যরাত থেকে প্রায় রাতভর সেখানে ভাঙচুর ও লুটপাট চললেও পুলিশ-প্রশাসন কার্যকর কোনো ভূমিকা নেয়নি।
রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নারীপক্ষ জানায়, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী পুলিশের উপস্থিতিতেই ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তবে পুলিশ সদস্যরা নীরব থেকে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, ঘটনার নেতৃত্বে ক্ষমতাসীন রাজনৈতিক দলের একজন নেত্রী ছিলেন। পুরো ঘটনায় সংগঠনটি বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, পুলিশ-প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রটির কার্যক্রম সচল রাখার দাবি জানিয়েছে নারীপক্ষ।
সংগঠনটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা; পুলিশ-প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা; স্থাপনাটির জমি নিয়ে কোনো দাবি বা অভিযোগ থাকলে তা প্রচলিত আইনের মাধ্যমে নিষ্পত্তি করা; স্বাস্থ্যসেবা কেন্দ্রটির সেবাদান, বিশেষ করে শিশুদের টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া এবং ঘটনার পর সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তা জনসমক্ষে প্রকাশ করা।
































