চরফ্যাশনে হর্টিকালচার প্রকল্পের রড গায়েব, চালক উধাও
- সর্বশেষ আপডেট ০৭:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 97
ভোলার চরফ্যাশনে নির্মাণাধীন টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার প্রকল্পের জন্য পাঠানো তিন ট্রাক রডের মধ্যে দুই ট্রাক রড মাঝপথে গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অবশিষ্ট রড নিয়ে প্রকল্প এলাকায় পৌঁছানো ট্রাকের চালকও পরে ট্রাক রেখে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রকল্পের অবকাঠামো নির্মাণের জন্য ঢাকা থেকে তিন ট্রাক রড পাঠানো হয়। অভিযোগ উঠেছে, পরিবহন ও মালামাল হস্তান্তরের দায়িত্বে থাকা ব্যক্তিদের একটি চক্র দুই ট্রাক রড মাঝপথে বিক্রি করে দেয়। রড বহনকারী ট্রাক দুটির নম্বর ঢাকা মেট্রো-ট ১৪-৭০০৭ ও ঢাকা মেট্রো-ট ২২-৪১০৫।
পরে অবশিষ্ট রড নিয়ে একটি ট্রাক চরফ্যাশনের হর্টিকালচার সেন্টারে পৌঁছায়। তবে চালানের নথিপত্রের সঙ্গে রডের পরিমাণের গরমিল এবং মালামাল গায়েব হওয়ার বিষয়টি সামনে আসায় প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রড গ্রহণে অস্বীকৃতি জানান।
এ পরিস্থিতিতে চালক ওয়াশরুমে যাওয়ার কথা বলে প্রকল্প এলাকা থেকে বেরিয়ে যান। পরে তিনি আর ফিরে আসেননি বলে জানা গেছে। এতে অবশিষ্ট রডের হস্তান্তর প্রক্রিয়া এবং পরিবহনসংক্রান্ত দায়িত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, সরকারি উন্নয়ন প্রকল্পের নির্মাণসামগ্রী এভাবে গায়েব হওয়ার পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খোয়া যাওয়া রড উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও পরিবহনসংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রকল্প এলাকায় ফেলে যাওয়া ট্রাক দুটি পুলিশি নজরদারিতে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে ২০২৩ সালের ৩১ আগস্ট চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নে ২৫ একর জমিতে টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয় ৮৪ কোটি ৮৫ লাখ টাকা।




























