রাজনৈতিক নির্দেশনায় বাস্তবায়ন হবে নতুন পে-স্কেল
- সর্বশেষ আপডেট ০৩:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / 32
নতুন পে-স্কেল রাজনৈতিক নির্দেশনার ভিত্তিতে এবং দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তবে গেজেট প্রকাশের নির্দিষ্ট সময় জানাতে চাননি তিনি।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও রাজনৈতিক নির্দেশনার আলোকে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনি ইশতেহারে যথাসময়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কথা উল্লেখ রয়েছে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
কবে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হবে—এ বিষয়ে সরাসরি কোনো সময়সীমা জানাননি তিতুমীর। তবে তিনি নিশ্চিত করেছেন, বেতন-ভাতা একসঙ্গে কার্যকর করা হবে না। প্রথম ধাপে মূল বেতন (বেসিক) বৃদ্ধি করা হবে, এরপর পর্যায়ক্রমে অন্যান্য সুবিধা কার্যকর করা হবে।
তিনি আরও বলেন, কোন গ্রেডে কত বেতন বাড়বে, সে বিষয়ে এখনই কিছু জানানো সম্ভব নয়। সরকার বিষয়টি নিয়ে পর্যালোচনা চালিয়ে যাচ্ছে। সেই পর্যালোচনা এবং রাজনৈতিক দিকনির্দেশনার ভিত্তিতেই চূড়ান্ত গেজেট প্রকাশ ও পে-স্কেল বাস্তবায়ন হবে।
এর আগে জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছিলেন, প্রায় ১১ বছর ধরে অপরিবর্তিত থাকা সরকারি কর্মচারীদের বেতন কাঠামো মূল্যস্ফীতির কারণে পুনর্বিবেচনা করা হয়েছে এবং ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়ন শুরু হবে।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি জুলাই মাসের মাঝামাঝি বা শেষ দিকে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে।































