পদ্মা রেলসেতু নিরাপদ, মাটি অপসারণ পরিকল্পিত: মন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৩:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / 10
পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের নিচে চলমান মাটি অপসারণ প্রকল্পের অংশ এবং এতে সেতু বা রেললাইনের নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের নিচে চলমান ডিমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ভায়াডাক্ট নির্মাণের সময় ভারী যন্ত্রপাতি চলাচলের সুবিধায় অস্থায়ীভাবে যে মাটি ভরাট করা হয়েছিল, প্রকল্পের নকশা ও চুক্তির শর্ত অনুযায়ী এখন তা অপসারণ করা হচ্ছে। এটি পূর্বপরিকল্পিত কাজ এবং এতে সেতু বা রেললাইনের কাঠামোগত নিরাপত্তার কোনো ঝুঁকি নেই।
তিনি জানান, ১৬ দশমিক ৭৬ কিলোমিটার দীর্ঘ ভায়াডাক্টের মধ্যে ইতোমধ্যে ১৪ দশমিক ৪ কিলোমিটার অংশের মাটি অপসারণ শেষ হয়েছে। বাকি ২ দশমিক ৩৪ কিলোমিটার এলাকায় গড়ে সাড়ে তিন ফুট মাটি অপসারণ করা হবে। এতে প্রাকৃতিক জলপ্রবাহ স্বাভাবিক হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।
শেখ রবিউল আলম আরও বলেন, পদ্মা রেলসেতুর পুরো কাঠামো প্রকৌশলগতভাবে নিরাপদ। বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ রেলওয়ে পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে।
পরিদর্শনকালে সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।































