যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে গুলিবর্ষণ, নিহত ২
- সর্বশেষ আপডেট ০৪:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 72
যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে বন্দুক হামলায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। ঘটনার পর পুরো ক্যাম্পাসে জরুরি লকডাউন জারি করা হয় এবং তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত প্রায় ৯টা ১৫ মিনিটে সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি–এর হিউজেইন স্যুটস আবাসিক কমপ্লেক্সের একটি অ্যাপার্টমেন্টে গুলির ঘটনা ঘটে। হামলার পরপরই শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।
প্রকাশিত বিবৃতিতে নিহতদের পরিচয় কিংবা আহত ব্যক্তির শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। হামলাকারী আটক হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলা হয়নি।
তিন হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত এই বিশ্ববিদ্যালয়টি ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। এটি অরেঞ্জবার্গ শহরে অবস্থিত, যা অঙ্গরাজ্যের রাজধানী কলম্বিয়া থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পূর্বে। একই শহরে অবস্থিত আরেকটি ঐতিহাসিক কৃষ্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হলো ক্লাফলিন ইউনিভার্সিটি।
বিশ্ববিদ্যালয়ের জননিরাপত্তা দপ্তরের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশের এখতিয়ার তার নেই।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গুলির ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সাউথ ক্যারোলাইনা ল এনফোর্সমেন্ট ডিভিশন–কে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শুক্রবারের সব ক্লাস বাতিল করা হয়েছে।



































