মালয়েশিয়ার সঙ্গে সংস্কৃতিবিষয়ক সমঝোতা স্মারক সই
- সর্বশেষ আপডেট ০১:৫৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 22
মালয়েশিয়ার সঙ্গে সংস্কৃতিবিষয়ক একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। এর পাশাপাশি দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ দমন এবং বিনিয়োগ সংক্রান্ত আরও দুটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক দলিল বিনিময় হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই চুক্তিগুলো সম্পন্ন হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে দুই দেশের মধ্যকার সাংস্কৃতিক আদান-প্রদান ও সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
সাংস্কৃতিক চুক্তির পাশাপাশি দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ দমন বিষয়ে পারস্পরিক গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি সংক্রান্ত আরেকটি দলিল আনুষ্ঠানিকভাবে বিনিময় করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান এবং মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান নিজ নিজ দেশের পক্ষে এই দ্বিপাক্ষিক দলিলগুলো বিনিময় করেন। এই চুক্তিগুলোর মাধ্যমে দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনৈতিক মহল।
































