ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

- সর্বশেষ আপডেট ০২:৪৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 207
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে নাশকতার আশঙ্কায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের ছয় জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাকি জেলার মধ্যে রয়েছে, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর ও গাজীপুর জেলা।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে এ সংক্রান্ত জরুরি চিঠি জারি করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত এসব জেলায় সেনা মোতায়েন কার্যকর থাকবে।
চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন এলাকায় বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে জননিরাপত্তা নিশ্চিত ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে অতিরিক্ত সতর্কতা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

































