আবু সাঈদ হত্যা
বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ কারাগারে
- সর্বশেষ আপডেট ০২:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 18
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর নির্দেশ। ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের নিহত আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার (১৭ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২- এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি সাজা পরোয়ানার ভিত্তিতে হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে, গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল-২ মোট ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। ওই রায়ে সাবেক ভিসি হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকায় তার অবস্থান শনাক্ত করে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরদিন তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যু পরবর্তী সময়ে দেশব্যাপী আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়।

































