ইউনূস প্রশাসনের ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
- সর্বশেষ আপডেট ০২:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 18
হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট প্রক্রিয়ায় সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে রিটে ড. ইউনূসসহ সাবেক ও বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যসহ মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।
রবিবার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি দাখিল করেন। এতে একটি তদন্ত কমিটি গঠন করে পুরো বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
এর আগে এ বিষয়ে ৬ এপ্রিল সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয় বলে রিটকারী পক্ষ জানায়। নোটিশে দাবি করা হয়, হামের টিকা ব্যবস্থাপনায় পরিবর্তনের কারণে দেশে হামের প্রকোপ বেড়েছে এবং বহু শিশুর মৃত্যু ও অসংখ্য মানুষ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে- এমন অভিযোগ তুলে বিষয়টি তদন্তের দাবি জানানো হয়।
রিটে আরও বলা হয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা চাওয়া হয়েছে।

































