মোটরসাইকেলে নতুন করের প্রতিবাদে এনবিআরের সামনে বিক্ষোভ
- সর্বশেষ আপডেট ০৪:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 172
রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে সম্ভাব্য নতুন কর আরোপের পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শতাধিক মোটরসাইকেল আরোহী। তাদের দাবি, কর বাড়ালে সাধারণ মানুষের যাতায়াত ব্যয় আরও বেড়ে যাবে।
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে রোববার দুপুরে দুই শতাধিক মোটরসাইকেল আরোহী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা মোটরসাইকেলগুলো সারিবদ্ধভাবে সড়কের এক পাশে রেখে ফুটপাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।
আন্দোলনকারীদের অভিযোগ, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) বা অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে—এমন গুঞ্জনের পর থেকেই তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। এই আশঙ্কার প্রতিবাদেই তাদের এই কর্মসূচি।
বিক্ষোভকারীরা বলেন, মোটরসাইকেল এখন আর বিলাসপণ্য নয়, বরং অনেক মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের দৈনন্দিন যাতায়াত ও জীবিকার গুরুত্বপূর্ণ মাধ্যম। তাদের মতে, একবার মোটরসাইকেল কেনার সময়ই ইতিমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক ও ভ্যাট দিতে হয়; নতুন করে কর চাপানো হলে তা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করবে।
একজন আন্দোলনকারী এ কে এম ইমন বলেন, বিদ্যমান কর কাঠামোর পর আবার নতুন কর আরোপ করা হলে সেটি ব্যবহারকারীদের জন্য ভোগান্তি বাড়াবে। তাদের দাবি, এনবিআর যেন এ ধরনের পরিকল্পনা থেকে সরে আসে।
প্রায় ২০০ মোটরসাইকেল নিয়ে হওয়া এই কর্মসূচিতে সড়কের যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়ে। তবে পুলিশ উপস্থিত থাকায় বড় ধরনের যানজট তৈরি হয়নি।
শেষে আন্দোলনকারীরা এনবিআর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতির কথা জানান এবং কর কাঠামো সহজ করার দাবি পুনর্ব্যক্ত করেন।





























