ববি নব উপাচার্যকে নিয়ে চরম অসন্তোষ শিক্ষার্থীদের
- সর্বশেষ আপডেট ০৭:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 41
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষার্থীরা সমালোচনার ঝড় তুলেছেন নতুন এই উপাচার্যের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও অসন্তোষ প্রকাশ করেছেন এমন বিতর্কিত একজনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেয়ায়।
বৃহস্পতিবার (১৪ই মে) বিকেলে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মামুনের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসবে নিয়োগ পাওয়ার সংবাদ প্রাকশ হওয়ার পর থেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মামুনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে তীব্র অসন্তোষ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দায়িত্ব পালনকালে অধ্যাপক মামুনের বিরুদ্ধে সীমাহিন আর্থিক দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ ওঠে।
এমন একজন দুর্নীতিবাজ লোককে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুন্ন করা হয়েছে বলেও শিক্ষার্থী রা মনে করছেন।
বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রিপন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আমরা দক্ষ ও প্রশাসনিকভাবে অভিজ্ঞ একজন উপাচার্য প্রত্যাশা করেছিলাম।
কিন্তু যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তাকে ঘিরে নানা অভিযোগ ও বিতর্ক থাকায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আমরা মনে করি, এমন পদে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের চেয়ে যোগ্যতা, স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাইনুল ইসলাম বলেন, “আমাদের নতুন ভিসির বিভিন্ন কলুষিত অতীত ইতোমধ্যে আমাদের সামনে আসতে শুরু করেছে, যা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আমরা এমন ব্যক্তিকে আমাদের পবিত্র বিশ্ববিদ্যালয়ে মেনে নিতে পারছি না। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এমন ভিসি নিয়োগ আমাদের জন্য হতাশার। আমরা এমন ভিসি চাই, যার দেশজুড়ে খ্যাতি আছে, শিক্ষা ও গবেষণায় অবদান আছে এবং প্রশাসনিক পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে। সর্বোপরি এমন ভিসি চাচ্ছি যিনি স্বৈরাচারী আমলে জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন।”
জাতীয় ছাত্রশক্তির ববি শাখার আহ্বায়ক মোঃ বেলাল বলেন, “নতুন ভিসি নিয়ে স্টুডেন্টদের মধ্যে আমরা একটা বিরূপ প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি এবং এটা স্বাভাবিক। দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের যোগ্য কোনো অভিভাবক পাচ্ছে না। সবাই জানত ভিসি দলীয় নিয়োগই হবে, তবে এমনটা কেউ আশা করেনি। আমাদের প্রত্যাশা ছিল সরকার যোগ্যতাসম্পন্ন একজন লোককে নিয়ে আসবে, কিন্তু আনলেন দলীয় ক্যাডার! যেটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে আমাদের আরও বেশি ভাবিয়ে তুলছে।”
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের ভাবতেও কষ্ট লাগে এমন একজন বিতর্কিত দুর্নীতিবাজ লোককে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নৈতিক ভাবেও তিনি ঠিক নেই। এমন একজনকে উপাচার্যকে নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেয়ার পরিবর্তে পিছিয়ে দেয়া হয়েছে।

































