ফারাক্কা চুক্তি নিয়ে নতুন পরিকল্পনা সরকারের
- সর্বশেষ আপডেট ০৮:৩০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 183
ফারাক্কা বাঁধসহ অভিন্ন নদীগুলোর পানি ব্যবস্থাপনা নিয়ে ভারতের সঙ্গে নতুন করে চুক্তির পরিকল্পনা এগোচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার প্রশ্নে সরকার কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে।
শুক্রবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সোনাচান্দি এলাকায় নদীর বাঁধ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি দেশের নদীভিত্তিক প্রকল্প ও আঞ্চলিক পানি ব্যবস্থাপনার ভবিষ্যৎ দিক নিয়েও কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, পদ্মা ব্যারেজ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের মাধ্যমে সরকারের বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে তারা মনে করছেন। একই সঙ্গে ফারাক্কা চুক্তি পুনর্বিবেচনা ও অন্যান্য অভিন্ন নদী নিয়ে পর্যায়ক্রমে সমাধানের পথ খোঁজা হচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নদীর প্রবাহ সচল রাখার চেষ্টা চলছে। তিনি সতর্ক করে বলেন, নদী-খাল ও জলাশয় নিয়মিত খনন ও পুনরুদ্ধার না করা গেলে ভবিষ্যতে পানি সংকট আরও তীব্র হতে পারে, এমনকি কিছু এলাকায় মরুকরণের ঝুঁকিও তৈরি হতে পারে।
অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।






























