সাতক্ষীরার হিমসাগর আমের বাজারজাত শুরু
- সর্বশেষ আপডেট ০৭:৫৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 33
অবশেষে বাজারে উঠেছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী হিমসাগর আম। প্রশাসনের নির্ধারিত আম ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকেই গাছ থেকে পাকা আম সংগ্রহ শুরু করেছেন চাষিরা। স্থানীয় পাইকারি বাজারে প্রতি মণ হিমসাগর আম বিক্রি হচ্ছে প্রায় ২,৩০০ থেকে ২,৪০০ টাকার মধ্যে।
কুকরালী এলাকার চাষি হাফিজুল ইসলাম খোকার বাগান থেকে ইতোমধ্যে বিদেশে রপ্তানিও শুরু হয়েছে। তাঁর দাবি, এ মৌসুমে শুধু তাঁর বাগান থেকেই প্রায় চার টন হিমসাগর আম যুক্তরাজ্য ও ইতালির বাজারে যাচ্ছে। বিদেশি ক্রেতাদের চাহিদা থাকলেও তিনি বলছেন, সময়মতো সংগ্রহ ও মান বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, হিমসাগর আম এখন পূর্ণ পরিপক্ব অবস্থায় রয়েছে। তাই আজ থেকে এ জাতের আম বাজারজাত করার অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম বাজারে আসবে। এর আগে ৫ মে গোবিন্দভোগ ও গোপালভোগ দিয়ে এ জেলার আম সংগ্রহ মৌসুম শুরু হয়।
কৃষি দপ্তরের হিসাবে, এ বছর সাতক্ষীরায় প্রায় ৭০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। এর মধ্যে প্রায় ১০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।



































