নীলফামারীতে ২২ পরিবার পেল আর্থিক সহায়তা
- সর্বশেষ আপডেট ১০:০০:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 24
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ও পঙ্গুত্ব বরণকারী ২২টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) নীলফামারী সার্কেল।
রবিবার (২৮ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) এস. এম. মাহাবুবুর রহমান, মোটরযান পরিদর্শক মেহেদী হাসান, মেকানিক্যাল সহকারী রোহান সরকার রঞ্জু, প্রধান সহকারী আমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া পঙ্গুত্ব বরণকারী তিনজনের পরিবারকে ৩ লাখ টাকা করে এবং দুর্ঘটনায় আহত তিনজনকে সরকারের ট্রাস্টি বোর্ডের তহবিল থেকে ১ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “ট্রাফিক বিলবোর্ডে বড় অক্ষরে লেখা থাকে- ‘কখনও না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো ভালো।’ এই কথার মূল বার্তা হলো, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।” তিনি সবাইকে সড়ক আইন মেনে নিরাপদে চলাচলের আহ্বান জানান।
চেক গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক নিহত ব্যক্তির স্বজন। প্রিয়জন হারানোর স্মৃতি মনে করে অনেকে কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত পরিবেশও হয়ে ওঠে ভারী ও বেদনাময়।
বিআরটিএ কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
































