কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- সর্বশেষ আপডেট ০৯:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 10
কিশোরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে। ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অপুষ্টি ও রাতকানা প্রতিরোধে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
রোববার (২৮ জুন) সকাল ৯টায় সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
উদ্বোধনের পর জেলা প্রশাসক শিশুদের মুখে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির সূচনা করেন। এ সময় বিপুলসংখ্যক অভিভাবক তাদের ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের নিয়ে ক্যাম্পেইনে অংশ নেন।
জেলা সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসক ও অধ্যাপকরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, শিশুদের সুস্থ বৃদ্ধি ও স্বাভাবিক বিকাশে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধে সহায়তা করে এবং অপুষ্টিজনিত জটিলতা কমাতে কার্যকর ভূমিকা রাখে। তাই ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা।
স্বাস্থ্য বিভাগ জানায়, ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করছেন। কোনো যোগ্য শিশু যেন এ কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

































