নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
- সর্বশেষ আপডেট ০৫:২৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 30
নীলফামারীতে নবাগত পুলিশ সুপার ফরহাদ হোসেন খানের সঙ্গে জেলার সাংবাদিকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন এবং কার্যকর উদ্যোগের দাবি জানান।
নীলফামারী জেলা পুলিশের সম্মেলন কক্ষে রোববার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি নীলফামারী প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেওয়া সাংবাদিকরা মাদক বিস্তার, ভিসা প্রতারণা, চুরি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের ভোগান্তির বিষয়গুলো তুলে ধরেন। তাদের মতে, এসব সমস্যা নিয়ন্ত্রণে পুলিশের আরও দৃশ্যমান ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া জরুরি।
জবাবে পুলিশ সুপার ফরহাদ হোসেন খান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। মাদক নির্মূল, ভিসা প্রতারণা রোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়ার কথাও তিনি জানান। একই সঙ্গে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।



































