হামের টিকা ঘাটতির কারণ বললেন স্বাস্থ্যমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৬:৩৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 10
হাম পরিস্থিতি ও টিকাদান কর্মসূচির ধারাবাহিকতা নিয়ে বক্তব্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাঁর দাবি, বর্তমান সময়ে হামের যে প্রকোপ দেখা যাচ্ছে, তার পেছনে অতীতের টিকা ব্যবস্থার ঘাটতি ও নিয়মিত কার্যক্রমে ব্যাঘাতের ভূমিকা থাকতে পারে বলে তিনি মনে করেন।
রবিবার ‘হাম ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধই সর্বোত্তম পন্থা’ শীর্ষক জনসচেতনতা সপ্তাহের উদ্বোধন ও একটি বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে।
মন্ত্রী জানান, ২০২০ সালের ডিসেম্বরের পর টিকাদান কার্যক্রমে বিরতি ও সরবরাহ সংকট তৈরি হয়েছিল, যার প্রভাব পরবর্তী সময়ে দেখা যেতে পারে। তাঁর ভাষায়, সেই সময়ের পর দীর্ঘ সময় মিজেলস টিকা নিয়মিতভাবে দেওয়া সম্ভব হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে রোগীদের আলাদা রাখা, যথাযথ যত্ন এবং পুষ্টি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও তথ্য প্রচারের উদ্যোগ গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে ড্যাবের প্রতি আহ্বান জানান তিনি।































