সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

- সর্বশেষ আপডেট ০৪:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 225
সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে আঘাতের পর গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটে শনিবার (১৬ মে) রাত প্রায় ১১টার দিকে সদর উপজেলার ভোমরা সীমান্তের লক্ষীদাড়ী মাঝেরপাড়া গ্রামে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, নিহত তাছলিমা খাতুন (৩৫) পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি স্বামী সাদ্দাম হোসেন ও দুই সন্তানকে নিয়ে একই ঘরে ঘুমিয়ে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, রাতের কোনো এক সময় সাদ্দাম হোসেন স্ত্রীকে পাশের একটি ঘরে ডেকে নেন। সেখানে হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
নিহত তাছলিমা দেবহাটা উপজেলার বহেরা গ্রামের বাসিন্দা নুরুজ্জামানের মেয়ে। প্রায় ১৬ বছর আগে তাদের বিয়ে হয়। সাদ্দাম হোসেন ভোমরা বন্দরে শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পারিবারিক বিরোধ এবং নেশাজনিত আচরণের সঙ্গে ঘটনার যোগ থাকতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানানো হয়েছে। ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত হাতুড়ি ও একটি ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে।
অভিযুক্ত সাদ্দাম হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।































