কথা রাখলেন এমপি হাবিব
মুগদা হাসপাতাল ১০০০ শয্যায় উন্নীত হচ্ছে
- সর্বশেষ আপডেট ০৫:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 27
কথা রাখলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ শয্যা থেকে ১০০০ শয্যায় উন্নীত করার কার্যক্রমে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
রবিবার (১৭ মে) অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬ থেকে জারি করা পরিপত্রে এ অনুমোদনের তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রয়োজনীয় নিয়ম-কানুন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন সাপেক্ষে হাসপাতালটির শয্যা সংখ্যা বৃদ্ধি এবং বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালু করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, “আমি কথা দিয়েছিলাম, ঢাকা-৯ আসনের মাটি ও মানুষের উন্নয়নে কাজ করে যাবো। সেই অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে উন্নীত করার কার্যক্রম এগিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর দক্ষিণাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা আরও আধুনিক, সহজলভ্য ও মানসম্মত হবে। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ও উন্নয়নের রাজনীতিকে সামনে রেখে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত উন্নয়ন ও জনকল্যাণমুখী রাজনৈতিক দর্শন বাস্তবায়নে আমরা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি।
ঢাকা-৯ আসনের মানুষের জন্য স্বাস্থ্যসেবা উন্নয়নের অংশ হিসেবে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ থেকে ১০০০ শয্যায় উন্নীত করার কার্যক্রম এগিয়ে যাওয়ায় আমি তারুণ্যের আইডল প্রধানমন্ত্রী তারেক রহমান এর নিকট আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময় তিনি “করবো কাজ, গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ”- এই স্লোগান সামনে রেখে জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই মুগদা হাসপাতালের ওপর অতিরিক্ত রোগীর চাপ ছিল। শয্যা সংখ্যা দ্বিগুণ হলে মুগদা, বাসাবো, সবুজবাগ, মান্ডা, খিলগাঁও,গোড়ান, সিপাইবাগ, ত্রিমোহনীসহ আশপাশের এলাকার লাখো মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা খাতে ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে হাবিবুর রশিদ হাবিব তার নির্বাচনী এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন। এবার মুগদা হাসপাতালের শয্যা বৃদ্ধি সেই ধারাবাহিকতার আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন অনেকে।































