নালিতাবাড়ীতে ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিল আদালত
- সর্বশেষ আপডেট ০১:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 163
দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ, মামলা ও আইনি জটিলতার অবসান ঘটেছে শেরপুরের নালিতাবাড়ীতে। আদালতের ডিক্রি অনুযায়ী ৬০ শতাংশ জমির দখল বুঝে পেয়েছেন লিপি রাণী সরকার। দখল হস্তান্তরের সময় আনন্দ-উচ্ছ্বাসে ঢাকঢোল বাজিয়ে উদযাপন করেন ডিক্রিপ্রাপ্ত পক্ষের লোকজন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নালিতাবাড়ী উপজেলার গেরাপচা এলাকার খুজিউরা মৌজায় আদালতের ডিক্রি বাস্তবায়নের এ কার্যক্রম পরিচালিত হয়।
জানা গেছে, জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে লিপি রাণী সরকার নালিতাবাড়ী সিনিয়র সিভিল জজ আদালতে মামলা করেন। বিচারিক কার্যক্রম শেষে আদালত তার পক্ষে ডিক্রি দেন। মামলাটি স্বত্ব ডিক্রি মোকদ্দমা নং-০৪/২০ এবং মূল মোকদ্দমা নং-১৩৭/২০ স্বত্ব। বিরোধপূর্ণ জমির খতিয়ান নম্বর আরএস-৩২৫, আরওআর-৪৭৫ ও বিআরএস-৫৬।
আদালতের ডিক্রি কার্যকর করতে সোমবার জেলা জজ আদালতের নাজির আব্দুর রউফ ঘটনাস্থলে যান। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী ৬০ শতাংশ জমির দখল লিপি রাণী সরকারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এ সময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের একটি দল এবং শেরপুর জজ কোর্টের প্রতিনিধিরাও ঘটনাস্থলে ছিলেন।
দখল বুঝে পাওয়ার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সেখানে আনন্দের পরিবেশ তৈরি হয়। ডিক্রিপ্রাপ্ত পক্ষের লোকজন ঢাকঢোল বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় ঘটনাটি দেখতে স্থানীয় অনেক মানুষও সেখানে ভিড় করেন।
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের ডিক্রি অনুযায়ী জমির দখল ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন লিপি রাণী সরকার ও তার পরিবারের সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী দখল বুঝিয়ে দেওয়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করে সংশ্লিষ্ট আদালতে দাখিল করা হবে।





























