জাইস ক্যামেরায় এলো নতুন ভিভো এক্স ৩০০ ই
- সর্বশেষ আপডেট ০৬:৪০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 184
প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে নতুন চমক নিয়ে হাজির হয়েছে ভিভো। চীনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে ভিভো এক্স ৩০০ ই (vivo X300 E)। শক্তিশালী প্রসেসর, জাইস ক্যামেরা এবং বিশাল ব্যাটারি- সব মিলিয়ে ফ্ল্যাগশিপ বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী হতে চাইছে ডিভাইসটি।
ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৫৯ ইঞ্চির ও-এল-ই-ডি ডিসপ্লে, যা ১ দশমিক ৫ কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। সর্বোচ্চ ৫ হাজার নিটস ব্রাইটনেস থাকায় তীব্র রোদেও ডিসপ্লে দেখায় সমস্যা হওয়ার কথা নয়। নিরাপত্তার জন্য রয়েছে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
পারফরম্যান্সের দায়িত্বে রয়েছে কোয়ালকম- এর স্ন্যাপড্রাগন এইট জেন ফাইভ চিপসেট। সঙ্গে রয়েছে এলপিডিডিআর ফাইভ এক্স র্যাম, ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ এবং অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিন ওএস সিক্স।
ফটোগ্রাফিপ্রেমীদের জন্য রয়েছে জাইস- এর সহযোগিতায় তৈরি ট্রিপল রিয়ার ক্যামেরা। এতে আছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স নাইন টু ওয়ান প্রধান ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স এইট এইট টু পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। আর সেলফির জন্য রয়েছে অটোফোকাসসহ ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জে-এন-ওয়ান ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারির দিক থেকেও রয়েছে বড় চমক। ৭ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে মিলবে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং। এছাড়া ফোনটিতে রয়েছে স্টেরিও স্পিকার, আইপি ৬৯ (IP69) রেটিং, ওয়াই-ফাই সেভেন, ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর, এনএফসি এবং আইআর ব্লাস্টার।
মাত্র ৭ দশমিক ৯৯ মিলিমিটার পুরু এই স্মার্টফোনটি পাওয়া যাবে মিডনাইট ব্ল্যাক, মুনলাইট হোয়াইট এবং সানলাইট অরেঞ্জ- এই তিনটি রঙে।
চীনের বাজারে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম শুরু হয়েছে ৪ হাজার ৭৯৯ চীনা ইউয়ান। আর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ৫ হাজার ২৯৯ ইউয়ান। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক বাজারে আসার পর ভিভো এক্স ৩০০ ই স্যামসাং, শাওমি এবং অনার- এর মতো প্রতিদ্বন্দ্বীদের কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।




































