মাছ নিয়ে ফেরার পথে সাগরে ট্রলারডুবি, ১৪ জেলে উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৮:৫০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 9
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে তীরে ফেরার পথে তালতলীর একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পর ট্রলারে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান এখনো পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে তালতলী উপজেলার নিদ্রার চর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সাগর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জাফর মাঝির মালিকানাধীন এফবি মায়ের দোয়া নামের মাছ ধরার ট্রলারটি ১৪ জন জেলেকে নিয়ে তালতলী থেকে সাগরে যায়। মাছ শিকার শেষে বৃহস্পতিবার তারা তীরে ফিরছিলেন।
সন্ধ্যার দিকে নিদ্রার চর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সাগর মোহনার একটি ডুবো চরে ট্রলারটির তলা আটকে যায়। এতে ট্রলারটি ভারসাম্য হারিয়ে উল্টে গিয়ে পানিতে ডুবে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশের সহায়তায় চারটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে ডুবে যাওয়া ট্রলারে থাকা ১৪ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, ট্রলারডুবির ঘটনায় ১৪ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসনের একটি দল ও নৌ-পুলিশের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হয়।






























