গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১২ জেলেসহ ফিশিং বোট উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৪:৫৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 101
সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট ও ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গত ২৩ আগস্ট রাত ৮টার দিকে ‘এফভি মায়ের দোয়া’ নামের ফিশিং বোটটি ১২ জেলেকে নিয়ে মাছ ধরার সময় গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে বোটটি সাগরে ভাসতে থাকে।
পরদিন মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোটের এক জেলে মালিককে ফোন করে বিপদের কথা জানান। পরে বোট মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন দুবলার সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে গভীর সমুদ্র থেকে ইঞ্জিন বিকল বোটটি শনাক্ত করে ১২ জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং খাবার সরবরাহ করা হয়। বর্তমানে ফিশিং বোটসহ উদ্ধার হওয়া জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সমুদ্রে বিপদে পড়া জেলেদের জরুরি সহায়তা ও উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।































