টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৬:২৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / 7
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে মোট ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তবে দুই অভিযানের কোনোটিতেই কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বুধবার (৫ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার মিঠাপানির ছড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৮০ লাখ টাকা।
এদিকে বুধবার টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭ এলাকার একটি বসতবাড়িতে কোস্ট গার্ড ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাড়িটিতে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
তবে অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশে মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
































