কুষ্টিয়ায় রেলের জমি দখল করে বিক্রির অভিযোগ

- সর্বশেষ আপডেট ০৩:৪০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 103
কুষ্টিয়ার জগতী এলাকায় রেলওয়ের জমি দখল করে বিক্রির অভিযোগ উঠেছে। ফুট গোডাউনের পাশে রেলের প্রায় দুই কাঠা জমি তিন লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে। জমিটি শফিকুল নামের এক ব্যক্তি কিনেছেন। তবে জমিটি ব্যক্তিমালিকানাধীন নয়, রেলওয়ের সম্পত্তি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জমিটি কৃষিকাজের জন্য অন্য এক ব্যক্তির নামে লিজ দেওয়া রয়েছে। অভিযোগ রয়েছে, জানে আলম নামের এক ব্যক্তি ওই জমি দখল করে প্রতি দুই কাঠা তিন লাখ টাকায় বিক্রি করছেন। তবে কীসের ভিত্তিতে তিনি রেলওয়ের জমি বিক্রি করছেন, কিংবা জমিগুলোর বৈধ লিজ বা অনুমোদন রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
জমি কেনার বিষয়ে শফিকুল জানান, শহীদ পাটোয়ারীর কাছ থেকে তাঁর জামাই জমিটি কেনেন। পরে জামাইয়ের কাছ থেকে রশিদ এবং রশিদের কাছ থেকে তিনি জমিটি কিনেছেন। কেনার পর রেলওয়ের কাছ থেকে ডিমান্ড কলিং রসিদ (ডিসিআর) কেটে খাজনা দিলে জমিটি তাঁর নামে হয়ে যাবে বলে তাঁকে জানানো হয়েছে।
এ বিষয়ে রেলওয়ের পোড়াদহের কানুনগো মনিরুল ইসলাম বলেন, তাঁরা বিষয়টি জানতে পেরেছেন এবং শফিকুলের সঙ্গে কথা বলেছেন। শফিকুল দাবি করেছেন, কৃষিজমি হিসেবে তাঁর নামে লিজ নেওয়া রয়েছে। এ-সংক্রান্ত কাগজপত্র তাঁকে দেখাতে বলা হয়েছে।
মনিরুল ইসলাম আরও বলেন, বৈধ কাগজপত্র দেখাতে না পারলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জমিটি কৃষিকাজের জন্য লিজ দেওয়া হয়ে থাকলে সেখানে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে তাঁকে উচ্ছেদ করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।































