কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন নিয়ে তীব্র উত্তেজনা
- সর্বশেষ আপডেট ১১:৫৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / 9
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাগারে মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ায় দেশজুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এই গুঞ্জনকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়ে জানিয়েছে, ইমরান খান জীবিত এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দি আছেন।
মার্কিনভিত্তিক পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান ‘ইজ খান স্টিল উইথ আস’ এবং ‘হোয়াট হ্যাপেন্স আফটার খান’ শিরোনামে দুটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন।
প্রতিবেদনে তিনি পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তর (জিএইচকিউ)-এর সঙ্গে সংশ্লিষ্ট তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথোপকথনের কথা উল্লেখ করেন। তাদের উদ্ধৃত করে তিনি জানান, ইমরান খান আর জীবিত আছেন কি না-এ নিয়ে সেনাবাহিনীর ভেতরেও গভীর উদ্বেগ রয়েছে।
খবরটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ইমরান খানের সমর্থকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ দেখা দেয়।
তবে পরে ওই সাংবাদিক নিজেই পরিষ্কার করেন, তার কাছে ইমরান খানের মৃত্যুর কোনো নথিভুক্ত বা নিশ্চিত প্রমাণ নেই। তার সূত্রগুলো মূলত ইমরানের বিষয়ে তথ্যের চরম গোপনীয়তা নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছিল।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইএসপিআর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ইমরান খানের মৃত্যুর খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করে।
সেনাবাহিনী জানায়, ইমরান খান জীবিত আছেন এবং আদিয়ালা কারাগারেই রয়েছেন। একই সময়ে ইমরানের পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকেও তার জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করার দাবি করা হয়।


































