কম্বোডিয়ার স্ক্যাম কম্পাউন্ড থেকে দেশে ফিরলেন ৩৮ জন
- সর্বশেষ আপডেট ০৬:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 15
কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ফেরত আসা এসব বাংলাদেশি কম্বোডিয়ার বিভিন্ন প্রদেশের স্ক্যাম কম্পাউন্ডে দীর্ঘদিন আটকে ছিলেন। দেশে ফিরে তারা জানান, দালালদের মাধ্যমে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে তারা কম্বোডিয়ায় গিয়েছিলেন। পরে তাদের আটকে রেখে জোরপূর্বক বিভিন্ন ধরনের প্রতারণামূলক সাইবার কর্মকাণ্ডে যুক্ত করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, বিদেশে চাকরির আশায় দালালদের মোটা অঙ্কের টাকা দিয়ে তারা কম্বোডিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে যাওয়ার পর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন দেখতে পান। তাদের ইচ্ছার বিরুদ্ধে স্ক্যাম কম্পাউন্ডে আটকে রেখে অনলাইন প্রতারণার কাজে বাধ্য করা হয়।
দেশে ফিরে ভুক্তভোগীরা তাদের বিদেশে পাঠানো দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এ ধরনের প্রতারণার মাধ্যমে যাতে আর কোনো বাংলাদেশি বিদেশে গিয়ে বিপদে না পড়েন, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে ফেরা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় মানসিক পুনর্বাসন ও আইনি সহায়তা দেওয়া হবে। তাদের কাছ থেকে অভিযোগ ও তথ্য সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
মানবপাচার ও সাইবার প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
































