ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত

- সর্বশেষ আপডেট ০৩:৪৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 223
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর আদায়ের পক্ষে হাইকোর্টের দেওয়া রায় আপাতত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
রোববার (১৮ অক্টোবর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার আদালত গ্রামীণ কল্যাণের করা আপিলের শুনানি নিয়ে এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৩ ডিসেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলাটির শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর হাইকোর্ট এক রায়ে গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
পরে গত ১২ অক্টোবর সংশ্লিষ্ট বিচারপতিদের স্বাক্ষরের পর ১৫ ও ৩২ পৃষ্ঠার পৃথক পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ স্বপ্রণোদিতভাবে আগের একটি রায় প্রত্যাহার করে নেন। ওই রায়ে গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ দেওয়া হয়েছিল। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ রায়টি প্রত্যাহার করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান। পরে মামলাটি শুনানির জন্য নতুন বেঞ্চে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচটি করবর্ষের আয়কর দাবি নিয়ে গ্রামীণ কল্যাণ ২০১৭ সালে পৃথক দুটি রিট দায়ের করে। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন। পরে নতুন বেঞ্চ ওই রুল খারিজ করে এনবিআরের পক্ষে রায় দেন।
আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, হাইকোর্টের রায়ে রিট খারিজ হওয়ায় এনবিআরের ওই কর আদায়ের পথ খুলেছিল। তবে আপিল বিভাগের চেম্বার আদালতের সাম্প্রতিক আদেশে হাইকোর্টের রায় আপাতত স্থগিত থাকছে। মামলাটির পরবর্তী সিদ্ধান্ত হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানিতে।































