ইউনূস সরকারকে ধুয়ে দিলেন বিমানমন্ত্রী মিল্লাত

- সর্বশেষ আপডেট ০৯:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 122
দেড় বছরে ইউনূস সরকারের সমালোচনা করতে গিয়ে রীতিমতো ধুয়ে দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন দেড় বছরে অন্তর্বর্তী সরকার দেশের যে ক্ষতি করেছে, তা বর্ণনা করা যাবে না। তিনি অভিযোগ করেন, বিভিন্নভাবে চক্রান্ত করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল অন্তর্বর্তী সরকার। তবে জনগণ তাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সুরক্ষা প্রদান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিমানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পরপরই বিশ্বজুড়ে যুদ্ধ শুরু হয়েছে। ইরান ও ইউক্রেনের পর সৌদি আরবেও যুদ্ধ পরিস্থিতি চলছে বলে মন্তব্য করেন তিনি। এসব কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “১৭ বছরে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের যে ক্ষতি করেছে, তা তো করেছেই। গত দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেওয়া যাবে না।”
জ্বালানি তেলের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইউরোপে প্রতি লিটার ডিজেলের দাম বাংলাদেশের মুদ্রায় সাড়ে ৩০০ টাকা। অথচ বাংলাদেশে কিছু লোক সাধারণ মানুষকে উসকে দিয়ে অকারণে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে বলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বট অ্যাকাউন্ট ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগও করেন তিনি।
মন্ত্রী বলেন, সরকার ও প্রশাসনের বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। অপপ্রচার মোকাবিলায় সাংবাদিকদের সহযোগিতাও চান তিনি।
সরকারের অবস্থান তুলে ধরে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, মানুষকে স্বস্তি দিতে সরকার বদ্ধপরিকর। মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না। মাদকের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের কেউ খারাপ কাজে জড়ালে তাকে বহিষ্কার করতেও প্রস্তুত রয়েছে দল। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার চেষ্টা করছে উল্লেখ করে এ কাজে সবার সহযোগিতা চান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
পরে মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে অর্জুনগাছের চারা রোপণ করেন। এ ছাড়া পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
































