ইউএস-বাংলার উড়োজাহাজে আবারও আগুন

- সর্বশেষ আপডেট ০৫:৫৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 37
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজে ধোঁয়া ও আগুনের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে এয়ারলাইন্সটির উড়োজাহাজের কারিগরি নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণব্যবস্থা নিয়ে। বিভিন্ন সময়ে কারিগরি ত্রুটি, জরুরি অবতরণ ও অগ্নিসংকেতের ঘটনা সামনে আসায় এসব সমস্যার প্রকৃত কারণ এবং নিরাপত্তা তদারকির কার্যকারিতা খতিয়ে দেখার দাবি উঠছে।
রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি এয়ারবাস এ৩৩০ মডেলের। অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ার পর ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়। এ সময় দ্রুত উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানিয়েছেন, তাঁরা ঘটনাস্থলে যাচ্ছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন। তাৎক্ষণিকভাবে ফ্লাইটটির নম্বর, যাত্রী ও ক্রুদের অবস্থা এবং আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ার, ব্রেকিং সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে তদন্ত ছাড়া আগুনের কারণ কিংবা রক্ষণাবেক্ষণজনিত কোনো ঘাটতি ছিল কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক হলেন মো. কামরুল ইসলামকে এ বিষয়ে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৮ সালের ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ২১১ (BS211)নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেলে ৫১ জন নিহত হন।



































