ফেসবুক পোস্টে বিমান কর্মকর্তা সাময়িক বরখাস্ত

- সর্বশেষ আপডেট ০৩:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 7
ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লিখে পোস্ট দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. রফিকুল আলম সংস্থাটির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) পদে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়। আদেশে সই করেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ।
অফিস আদেশে বলা হয়েছে, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় চাকরিরত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচার করে বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছেন রফিকুল আলম। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ।
এ কারণে সংশ্লিষ্ট প্রবিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তের সময় বিধি অনুযায়ী রফিকুল আলম খোরপোষ ভাতা পাবেন। তবে এ সময়ে তাকে বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়মিত হাজিরা দিতে হবে।
ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টের স্ক্রিনশটে দেখা যায়, একটি ভিডিওতে ‘১৬ই ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা রয়েছে। ওই পোস্টের মন্তব্যে রফিকুল আলম লিখেছেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
































