ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা, গ্রেপ্তার ৩

- সর্বশেষ আপডেট ০২:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 7
বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
পুলিশ সুপার জানান, গত ১৮ নভেম্বর রাত ১০টা ২০ মিনিটের দিকে ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামে অবস্থিত মিল্ক ভিটার চেয়ারম্যানের দুই তলা বাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৯ নভেম্বর ফকিরহাট মডেল থানায় মামলা করা হয়।
ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশ ও জেলা পুলিশের একটি দল তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরিফুল ইসলাম শামীম, মাহমুদুল নবী ও মেহেদী হাসান রাসেল। তাঁদের বাড়ি খুলনার লবণচরা, বাগেরহাট সদর ও ফকিরহাট এলাকায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ঘটনার ভিডিও ধারণ করা একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মুঠোফোন এবং হামলায় ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি হোন্ডা ড্রিম ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।































