আইসিইউতে বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ

- সর্বশেষ আপডেট ০৫:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 38
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
পরিবারের একাধিক সদস্য তাঁর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, গত তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা।
এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হতে হয়েছিল মামুনুর রশীদকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর ছয় দিন আইসিইউতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফিরে আবারও অভিনয়ে যুক্ত হন তিনি।
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র; তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনেতা হিসেবে পরিচিতির পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও তিনি সুপরিচিত। ১৯৭২ সালে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’।
১৯৬০-এর দশকে টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন তিনি। তাঁর লেখা প্রথম টেলিভিশন নাটক ‘চেনামুখ’। স্বাধীনতার পর দেশের নাট্যচর্চাকে এগিয়ে নিতে প্রতিষ্ঠা করেন ‘আরণ্যক নাট্যদল’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।
মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন মামুনুর রশীদ। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন এই অভিনেতা।
































