আইসিইউতে অভিনেত্রী মেঘলা মুক্তা
- সর্বশেষ আপডেট ০৩:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 9
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মেঘলা মুক্তা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন। তার অস্ত্রোপচার চলছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) অভিনেত্রীর অফিসিয়াল অ্যাডমিনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মেঘলা মুক্তা বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও শুভকামনা কামনা করা হয়েছে।
এ সময় যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার আহ্বান জানানো হয়। পাশাপাশি জানানো হয়, অভিনেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা অফিসিয়ালভাবেই জানিয়ে দেওয়া হবে।
তবে দুর্ঘটনাটি কোথায়, কখন এবং কীভাবে ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। একইভাবে হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকেও তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য জানানো হয়নি।
মেঘলা মুক্তা অভিনয়জীবনের শুরুতে ভারতের তেলেগু ভাষার চলচ্চিত্র সাকালা কালা ভাল্লাভুডু-তে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। পরে দেশের চলচ্চিত্র ও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের একাধিক প্রযোজনায় অভিনয় করে দর্শকদের কাছে নিজের অবস্থান তৈরি করেন।































