শ্বশুরবাড়ির বিরোধ, বল্লমের আঘাতে খুন যুবদল নেতা

- সর্বশেষ আপডেট ০৩:৫২:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 10
কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি ও রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে সোহেল মিয়া নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার করগাঁও ইউনিয়নের কাটুকদিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত সোহেল মিয়া কাটুকদিয়া গ্রামের বাসিন্দা। তিনি করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা নিয়ে সোহেলের শ্বশুর ও তাঁর ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কালু নামে এক ব্যক্তি সোহেলকে বল্লম দিয়ে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তার মৃত্যু হয়।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাস্তা নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






























