নাশকতা প্রতিরোধে ইমাম-খতিবদের প্রতি ধর্মমন্ত্রীর আহ্বান

- সর্বশেষ আপডেট ০৯:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 90
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা ঠেকানো এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জুমার খুতবায় জনসচেতনতামূলক বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
ধর্মমন্ত্রী বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা, মসজিদের ইমাম-খতিব ও সাধারণ মানুষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
তিনি মসজিদের ইমাম ও খতিবদের প্রতি জুমার খুতবায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নাশকতামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং সন্দেহজনক তৎপরতা সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে মুসল্লিদের সচেতন করার আহ্বান জানান।
বিবৃতিতে ধর্মমন্ত্রী আরও বলেন, কোথাও কোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা নাশকতার পরিকল্পনা নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
দেশের শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্মীয় নেতৃত্বসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।































