খাদ্য অধিকার ও ভূমি সুশাসনে জোর দিলেন বক্তারা

- সর্বশেষ আপডেট ১১:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 106
বাংলাদেশে খাদ্য অধিকার, ভূমির অধিকার ও অর্থনৈতিক অধিকারের বিষয়ে নীতিমালা থাকলেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন নেই। এ পরিস্থিতি পরিবর্তনে সমন্বিত দাবি উত্থাপন, কমিশন গঠন এবং সরকারি কার্যক্রমের জবাবদিহি ও পরিবীক্ষণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বক্তারা।
তাঁরা নারী কৃষকদের কৃষক হিসেবে স্বীকৃতি দিয়ে সরকারি কৃষি কার্ডের আওতায় আনা, ন্যায়সংগত বাজারব্যবস্থা গড়ে তোলা এবং ক্ষুদ্র কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। এসব উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় সরকারকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করারও আহ্বান জানান তাঁরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার প্রতিষ্ঠা ও টেকসই জীবন-জীবিকা নিশ্চিতকরণে দায়িত্বশীল ভূমি সুশাসন ও খাদ্য সার্বভৌমত্ব’ শীর্ষক সম্মেলনের শেষ দিনের আলোচনার বিষয় ছিল ‘খাদ্য সার্বভৌমত্বের স্থানীয়করণ এবং ক্ষুদ্র কৃষক, নারী ও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা’।
আলোচনা সভায় অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। ড. মেঘনা গুহঠাকুরতার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতি তুলে ধরেন সিরডাপের গবেষণা প্রধান ড. গঙ্গা দত্ত আচারিয়া। এ ছাড়া এশিয়ান সিভিল সোসাইটি অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক ন্যাথিনিয়েল ডন মার্কুজ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি ড. নাজিম উদ্দীন বক্তব্য দেন।
সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা নিজ নিজ দেশের পরিস্থিতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশের পক্ষে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আতাউর রহমান মিটন, ভারতের ইমসের নির্বাহী পরিচালক উজ্জয়িনী হালিম, নেপালের সিএসআরসির নির্বাহী পরিচালক জগৎ দেওজা এবং ইন্দোনেশিয়ার কেপিএ ক্যাম্পেইনের প্রধান বেনী বিজয়া মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।
প্যানেল আলোচনায় অংশ নেন রিইবের নির্বাহী পরিচালক সুরাইয়া বেগম, আদিবাসী ফোরামের সঞ্জীব দ্রং, বাংলাদেশ মহিলা পরিষদের ফওজিয়া মোসলেম এবং ফিলিপাইনের রোয়েল রাভানেরা।
অনলাইনে যুক্ত হয়ে উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সম্মেলনে আলোচিত বিষয়গুলো সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে সরকারের জবাবদিহি রয়েছে। সরকার ইতোমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি দরিদ্র কৃষকদের কৃষি উপকরণ কেনার জন্য ২ হাজার ৫০০ টাকা বরাদ্দ দিয়ে কৃষি কার্ড চালু করা হয়েছে। সম্মেলনে অংশ নেওয়া দেশি-বিদেশি প্রতিনিধিদের পরামর্শ সরকারের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রবন্ধ উপস্থাপনায় বক্তারা জানান, ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে এখনো ৬৪ কোটি ৫০ লাখ মানুষ ক্ষুধার মধ্যে রয়েছে। এর মধ্যে এশিয়ায় ২৯ কোটি ২০ লাখ মানুষ। এ ছাড়া প্রায় ২১ কোটি মানুষ মাঝারি থেকে তীব্র খাদ্য অনিরাপত্তার মধ্যে বসবাস করছে। এশিয়ার এক-পঞ্চমাংশ মানুষ এ সমস্যার শিকার।
বক্তারা বলেন, খাদ্য অনিরাপত্তার প্রভাব গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে বেশি। অনিয়মিত বৃষ্টিপাত, খরা, বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। অন্যদিকে খাদ্যপণ্যের উচ্চমূল্য এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জ্বালানি, সার ও কৃষি উপকরণের দাম বাড়ছে। এতে দরিদ্র পরিবারগুলোর খাদ্যনিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়ছে।
তাঁরা জানান, এশিয়ার কৃষিখাদ্য ব্যবস্থায় প্রায় ৮৩ কোটি মানুষ কর্মরত। কৃষিখাতে মোট কর্মসংস্থানের ৬৭ দশমিক ৫ শতাংশের অবদান রয়েছে। বিশ্বে প্রায় ৫৭ কোটি কৃষি খামারের মধ্যে ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র কৃষি খামার। এসব খামারের ৭৪ শতাংশ এশিয়ায় অবস্থিত এবং মোট কৃষি উৎপাদনের প্রায় ৬০ শতাংশ আসে এসব খামার থেকে। অথচ কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ক্ষুদ্র কৃষকেরা জমি, উৎপাদন উপকরণ, শিক্ষা, সেবা, অবকাঠামো ও বাজারে প্রবেশাধিকারের ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন।
আলোচনায় বলা হয়, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারে চাল-গমসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়ে গেলে দরিদ্র পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বাজারে দাম কিছুটা স্থিতিশীল হলেও পণ্যমূল্য উচ্চ পর্যায়ে থেকে যাওয়ায় অনেক পরিবার প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করতে পারে না।
এ পরিস্থিতি মোকাবিলায় কৃষি ও খাদ্যব্যবস্থায় মানুষ এবং পরিবেশকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন বক্তারা। খাদ্য পরিবহনের ব্যয় কমানো, কৃষি ও খাদ্যব্যবস্থার সিদ্ধান্ত গ্রহণে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভূমির মালিকানা ও ব্যবহারসংক্রান্ত নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেন তাঁরা। পাশাপাশি ক্ষুদ্র কৃষকদের জন্য বহুমুখী, বৈচিত্র্যময় ও টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
খাদ্যনিরাপত্তা ও কৃষিজীববৈচিত্র্য রক্ষায় নারীর অবদানকে যথাযথ স্বীকৃতি ও মর্যাদা দেওয়ার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে কৃষিভিত্তিক গবেষণা পরিচালনার সুপারিশ করা হয়। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য নাগরিক সংগঠনগুলোকে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে নিয়ে ইস্যুভিত্তিক সমন্বিত পরিকল্পনা তৈরির আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশের খাদ্যনিরাপত্তা ও পুষ্টির পরিস্থিতিও উদ্বেগজনক বলে মন্তব্য করেন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আতাউর রহমান মিটন। তিনি বলেন, দরিদ্র মানুষের আয় কমে যাওয়ায় খাদ্য কেনার সক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নারীরা তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন আদিবাসী জনগোষ্ঠীর মানুষও। জলবায়ু পরিবর্তনের জন্য দরিদ্র জনগোষ্ঠী দায়ী না হলেও এর সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন তাঁরাই। এ কারণে কপ-২৯-এ দরিদ্র মানুষের অধিকার ও স্বার্থকে গুরুত্ব দিয়ে দাবি উত্থাপনের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
সম্মেলনের সমাপনী পর্বে এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদার ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে একটি ঘোষণাপত্র গ্রহণ করা হয়। এতে নাগরিক সমাজের পক্ষ থেকে ৩৩টি সুপারিশ তুলে ধরা হয়েছে।

































