৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন

- সর্বশেষ আপডেট ০৬:৫৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 131
বিএনপির সাবেক সংসদ সদস্য মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগে শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটের তারিখ ও তফসিল নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, উপনির্বাচনের বিষয়ে কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তফসিল তৈরি করেনি। বুধবার এ নিয়ে কমিশনে আলোচনা হবে। সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। কমিশন সেই বিধান অনুসরণ করবে।
নির্বাচনের সময় নির্ধারণে কয়েকটি বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আয়োজন করা সম্ভব কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও বিশ্ব ইজতেমার সময়সূচিও বিবেচনায় রাখা হচ্ছে। সব দিক পর্যালোচনা করে উপযুক্ত সময়ে ভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হবে।
শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেন। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে তাঁর পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি জানিয়ে আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

































