শেখ হাসিনার বিষয়ে ভারতের কোনো শর্ত পায়নি ঢাকা

- সর্বশেষ আপডেট ০৯:০০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 124
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক শেখ হাসিনার চেয়ে অনেক বিস্তৃত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু রয়েছে, যেগুলো কূটনৈতিকভাবে সমাধান করা হবে। শেখ হাসিনাকে ঘিরে কোনো শর্ত নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সরকারের আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শামা ওবায়েদ।
সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের সামনে ভারতের দুটি শর্ত দেওয়ার কথা উল্লেখ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে এ ব্যাপারে তাদের কোনো কথাই হয়নি।’
তিনি বলেন, প্রতিবেদনটি কোনো আনুষ্ঠানিক সূত্র থেকে আসেনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হলে বাংলাদেশ তা গ্রহণ করে জবাব দেবে।
শামা ওবায়েদ বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক শেখ হাসিনার চেয়ে অনেক বড় ব্যাপার। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু রয়েছে, যেগুলো কূটনীতির মাধ্যমে সমাধান করা হবে। তবে ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
ভারত ও বাংলাদেশের মধ্যকার কনস্যুলার সংলাপ স্থগিতের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বৈঠকটি বাতিল হয়নি, পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের নাগরিক হলেই পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা তৈরি হয় না। ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সাজাপ্রাপ্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এ অবস্থায় তাঁকে পাসপোর্ট দেওয়া যায় কি না, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে।
তিনি বলেন, বাংলাদেশ মনে করে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে এবং তিনি দেশে এসে সাজা ভোগ করবেন। ভারত কেন প্রত্যর্পণ চুক্তির সুযোগ নেবে না, সেই প্রশ্নও তোলেন তিনি।
দিল্লিতে বাংলাদেশ মিশনে শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের আবেদন জমা দেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, একটি আইনজীবী প্রতিষ্ঠান আবেদনটি করেছে। মিশন সেটি পেয়েছে এবং সরকার বিষয়টি পর্যালোচনা করছে। তবে সাজাপ্রাপ্ত কাউকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।




































