বখতিয়ার গং এর পেটে আলহাজ্ব টেক্সটাইল!

- সর্বশেষ আপডেট ০৮:২৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 318
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের সাড়ে ছয় দশকের পুরোনো শিল্পপ্রতিষ্ঠান আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডে চরম আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার গুরুতর অভিযোগ উঠেছে।
হাজারো সাধারণ বিনিয়োগকারীর অর্থ জড়িত থাকা এই কোম্পানিটির তহবিল ঘুষ লেনদেন এবং শীর্ষ কর্মকর্তাদের ভোগ-বিলাসিতায় ব্যয় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার রহমান।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ১৯৬১ সালের ৩০ অক্টোবর প্রতিষ্ঠিত আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের মোট শেয়ারসংখ্যা ২ কোটি ২২ লাখ ৯৮ হাজার ৫৪৯টি। কোম্পানিটির মালিকানার সিংহভাগই রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে, যার পরিমাণ ৬৮ দশমিক ২২ শতাংশ।
এ ছাড়া উদ্যোক্তা ও পরিচালকদের হাতে ৩০ দশমিক ৬৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ০৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০ দশমিক ০৫ শতাংশ এবং সরকারের কাছে ০ দশমিক ০১ শতাংশ শেয়ার রয়েছে।
সাধারণ বিনিয়োগকারীদের এত বড় অংশীদারত্ব থাকা সত্ত্বেও কোম্পানির অর্থ নিয়ে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন বিনিয়োগকারীরা। এ বিষয়ে কোম্পানির কয়েকজন শেয়ার বিনিয়োগকারীর পক্ষে আশিকুর রহমান দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি লিখিত আবেদন করেছেন। গত ২১ মে দুদক চেয়ারম্যান বরাবর দেওয়া ওই আবেদনে ২০২৩ সালের ২৩ মে থেকে ২০২৪ সালের ২৪ মে পর্যন্ত বখতিয়ার রহমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) থাকাকালীন বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের চিত্র তুলে ধরা হয়।
আবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ২৩ মে তৎকালীন এমডি মিজানুর রহমানকে অপসারণ করে বখতিয়ার রহমান অবৈধভাবে নিজেকে এমডি হিসেবে নিয়োগ দেন। সে সময় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়োগ করা পরিচালনা পর্ষদ নিয়ে বিরোধ ও মামলা চলছিল। এরপর থেকেই কোম্পানির তহবিল থেকে বিভিন্ন বিতর্কিত খাতে অর্থ উত্তোলন শুরু হয়।
দুদকে জমা দেওয়া তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাংক কর্মকর্তা ও আদালতসংশ্লিষ্ট ব্যক্তিদের ঘুষ দেওয়ার নামে কোম্পানির অর্থ ব্যয় করা হয়েছে। এর মধ্যে ২০২৩ সালের ২৬ নভেম্বর মতিঝিল থানায় নিজেদের পক্ষে কাজ করানোর জন্য কর্মচারীদের মাধ্যমে ১২ লাখ ৩৫ হাজার টাকা এবং ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ঘুষ বা অফিস খরচের নামে ৫ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের অভিযোগ রয়েছে। এ ছাড়া ৩ ডিসেম্বর মহানগর যুগ্ম জেলা জজ আদালতের একটি মামলার রায় নিজেদের পক্ষে নিতে ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা, ৫ ডিসেম্বর ট্যাক্স অফিসে ঘুষ বাবদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একই দিনে এক আইনজীবীর নামে আরও ৪ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। পরবর্তীতে এমডির পদ ছেড়ে পুনরায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হন বখতিয়ার রহমান।
অভিযোগ রয়েছে, এরপর তাঁর জন্য মাসিক ৮০ হাজার টাকা বেতন এবং ৪০০ লিটার অকটেনের খরচ অনুমোদন করা হয়, যার মোট আর্থিক মূল্য মাসে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। একইভাবে কোনো জীবনবৃত্তান্ত বা যোগ্যতার সনদ ছাড়াই তাঁর ঘনিষ্ঠজন গাজী গোলাম সারোয়ারকে পরামর্শক নিয়োগ দিয়ে মাসে ১ লাখ টাকা বেতন ও ২৫০ লিটার অকটেনের সুবিধা দেওয়া হচ্ছে।
নিজের অনিয়ম আড়াল করতে বখতিয়ার রহমান কয়েকজন অধস্তন কর্মচারীর বেতন অস্বাভাবিক হারে বাড়িয়েছিলেন বলেও আবেদনে বলা হয়েছে।
এর মধ্যে সেলিম পারভেজের বেতন ৬০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার, শুভ রায়ের ২৫ হাজার থেকে ৮০ হাজার এবং খলিলুর রহমানের বেতন ২০ হাজার থেকে ৪৫ হাজার টাকা করা হয়। পরবর্তীতে সেলিম পারভেজ, শুভ রায়, ম্যানেজার আব্দুর রউফ ও সাকি ফয়সাল করিমকে চাকরি থেকে বিদায় করে দেওয়া হয়। এ ছাড়া চট্টগ্রামভিত্তিক ক্লিফটন গ্রুপের জয়নাল আবেদীন চৌধুরীর বিরুদ্ধে প্রায় ১৭ কোটি টাকার শেয়ার কিনে পরিচালক হওয়া এবং অনিয়মে সহযোগিতার অভিযোগ তোলা হয়েছে।
কোম্পানির অভ্যন্তরীণ সূত্র বলছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন কর্মকাণ্ডে পরিচালনা পর্ষদেও অসন্তোষ তৈরি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কোম্পানিটির একজন পরিচালক বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, “পুরো বোর্ড অব ডাইরেক্টরসের মধ্যেই এখন চাপা ক্ষোভ বিরাজ করছে। কোম্পানির স্বার্থের চেয়ে ব্যক্তিগত স্বার্থকে বড় করে দেখা হচ্ছে।”
এদিকে আর্থিক অনিয়মের কারণে টানা দুই অর্থবছর লোকসানে থাকা প্রতিষ্ঠানটির ওপর ঋণের বোঝাও ভারী হচ্ছে। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ঋণের সুদ বেড়ে দাঁড়িয়েছে ৮০ কোটি টাকায়। ঋণ পরিশোধ না করে অর্থের অপচয় করায় লভ্যাংশ ও আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা।
ক্ষোভ প্রকাশ করে একাধিক সাধারণ বিনিয়োগকারী বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, “আমাদের কষ্টার্জিত বিনিয়োগের অর্থ লুটপাট করা হচ্ছে। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার রহমানের এই স্বেচ্ছাচারিতা অবিলম্বে বন্ধ করতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার রহমানের সঙ্গে বাংলা অ্যাফেয়ার্সের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।



































