স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
পোশাকশিল্পে অস্থিরতা স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়
- সর্বশেষ আপডেট ০৮:১৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 43
পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষকে স্বাভাবিক আন্দোলন হিসেবে দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, সাধারণ শ্রমিকদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা ও ষড়যন্ত্র চালানো হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬’-এর খসড়া পর্যালোচনা সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের বর্তমানে কোনো অমীমাংসিত দাবি নেই। এরপরও একটি মহল পরিকল্পিতভাবে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তাঁর দাবি, শ্রমিক আন্দোলনের নামে বহিরাগত ও অশ্রমিক ব্যক্তিরা হামলা, অগ্নিসংযোগ এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, তদন্তে অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা কয়েকজন গার্মেন্টস মালিক, সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর রাজনৈতিক ভূমিকার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি মাফিয়া ও প্রতিক্রিয়াশীল শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত চক্রান্তের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, পোশাকশ্রমিকদের অন্যতম দাবি ছিল প্রতি তিন বছর পরপর নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন। সরকার আগেই এ উদ্যোগ নিয়েছিল। শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম দিতে বিলম্ব হওয়ায় বোর্ড গঠনে কিছুটা দেরি হয়। তবে প্রতিনিধিদের নাম পাওয়ার পর বোর্ড গঠন করা হয়েছে এবং এর প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে।
তিনি জানান, সিনিয়র জেলা জজ পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে গঠিত মজুরি বোর্ডে মালিক ও শ্রমিক উভয়পক্ষের প্রতিনিধি রয়েছেন। মূল্যস্ফীতি, অর্থনৈতিক পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের লক্ষ্য নিয়ে বোর্ড কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্টস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে সরকারের বৈঠক হয়েছে। উভয়পক্ষই ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে সাধারণ শ্রমিকদের আন্দোলন নয় বলে স্বীকার করেছেন বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, রাজনৈতিক স্বার্থে শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে অপরাধী চক্র ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না।
সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আটক হয়ে থাকলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে।





























