ই-ক্যাবের প্রেসিডেন্ট পদে লড়তে চান শাপলা

- সর্বশেষ আপডেট ১১:১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 168
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা। ই-কমার্স খাতের উন্নয়ন, ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের অধিকার প্রতিষ্ঠা এবং দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
জান্নাতুল হক শাপলা ওয়ার্ডসন গ্রুপের চেয়ারম্যান এবং সিরাজগঞ্জ ওমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি। তিনি কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সহধর্মিণী।
শাপলা বলেন, ই-কমার্স কেবল ব্যবসার ক্ষেত্র নয়; এটি কোটি মানুষের স্বপ্ন এবং দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতকে আরও এগিয়ে নেওয়া, উদ্যোক্তাদের মতামত ও অধিকার প্রতিষ্ঠা এবং ই-ক্যাবকে আধুনিক, শক্তিশালী ও আস্থাশীল সংগঠন হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
সিরাজগঞ্জ ওমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তারা ব্যবসা পরিচালনায় নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন। তাঁদের মূলধারার অর্থনীতিতে সম্পৃক্ত করা এবং ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় সুযোগ তৈরি করা জরুরি।
ই-ক্যাবের নেতৃত্বে আসার সুযোগ পেলে সংগঠনকে সদস্যবান্ধব, নীতিনিষ্ঠ ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সংগঠনের সদস্যদের অধিকার, স্বার্থ ও মতামতের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করাও তাঁর অগ্রাধিকারের মধ্যে থাকবে।
নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণের সুযোগ তৈরি, উন্নত লজিস্টিক সুবিধা নিশ্চিত এবং পণ্য পরিবহন ও সরবরাহব্যবস্থা সহজ করতে নীতিগত পর্যায়ে কাজ করতে চান শাপলা। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের সম্ভাবনাময় পণ্য ও উদ্যোক্তাদের বৈশ্বিক ই-কমার্স বাজারের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
এ লক্ষ্য বাস্তবায়নে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা তৈরিতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে চান এই নারী উদ্যোক্তা। ই-কমার্স খাতের জটিলতা দূর করতে সরকারি ও বেসরকারি অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সহজ, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব নীতিমালা বাস্তবায়নেও কাজ করার কথা জানান তিনি।
ই-ক্যাবের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়েছেন জান্নাতুল হক শাপলা।































