উখিয়ায় টিউবওয়েল বসাতে গিয়ে গ্যাস, জ্বলল আগুন

- সর্বশেষ আপডেট ১১:৪৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 108
কক্সবাজারের উখিয়ায় টিউবওয়েল বসানোর জন্য মাটি খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। গ্যাস বের হওয়ার পর আগুন জ্বলে উঠলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছোট ইনানী এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় টিউবওয়েল বসানোর জন্য মাটি খননের একপর্যায়ে ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে। পরে সেই গ্যাসে আগুন জ্বলে ওঠে। আগুনের প্রবাহ বেড়ে যাওয়ায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন বলে জানিয়েছেন ইনানীতে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত বিচকর্মীদের সুপারভাইজার বেলাল উদ্দিন।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে গ্যাসের উৎস ও প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান তিনি।































