‘ক্রসফায়ার’ নিয়ে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

- সর্বশেষ আপডেট ০৮:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 173
‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সংস্থাটি জানিয়েছে, আইন প্রয়োগে কঠোরতা বোঝাতে আইজিপি ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেছেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারপ্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার অর্থে তিনি শব্দটি ব্যবহার করেননি।
সোমবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধন অনুষ্ঠানে সকালে আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ প্রসঙ্গে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও শিরোনাম পুলিশ সদর দপ্তরের নজরে এসেছে। বিষয়টি স্পষ্ট করা এবং জনমনে বিভ্রান্তি দূর করতেই এ ব্যাখ্যা দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা। অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার, জনশৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের মৌলিক দায়িত্ব। এসব দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যদের অনেক সময় অপরাধী, সংঘবদ্ধ হামলাকারী ও আইন অমান্যকারীদের প্রতিরোধ বা আক্রমণের মুখোমুখি হতে হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৬ সালের প্রথম ১০ মাসে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধী গ্রেপ্তার, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ ও সরকারি দায়িত্ব পালনকালে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চারজন পুলিশ সদস্য নিহত এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশের আত্মরক্ষার অধিকার প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে দণ্ডবিধি-১৮৬০, ফৌজদারি কার্যবিধি-১৮৯৮ এবং পুলিশ অ্যাক্ট-১৮৬১-এর উল্লেখ করা হয়।
আইজিপির বক্তব্যের ব্যাখ্যায় পুলিশ সদর দপ্তর জানায়, মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন তিনি। আইন প্রয়োগে কঠোরতা বোঝাতে গিয়ে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করা হলেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করা তাঁর বক্তব্যের উদ্দেশ্য ছিল না।
একই অনুষ্ঠানে সাংবাদিকদের সম্পর্কে আইজিপির মন্তব্য নিয়েও ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের বিষয়ে ঢালাও কোনো মন্তব্য করার উদ্দেশ্য তাঁর ছিল না; অসাবধানতাবশত এমন মন্তব্য করা হয়েছে।
বিজ্ঞপ্তির শেষাংশে বলা হয়, মানবাধিকার সমুন্নত রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

































