ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে টিআইবির উদ্বেগ

- সর্বশেষ আপডেট ০৭:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 182
আইনশৃঙ্খলা রক্ষায় সরকার অনুমতি দিলে প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে; পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) এমন বক্তব্যের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, এ ধরনের বক্তব্য বিচারবহির্ভূত হত্যাকে অপরাধ দমনের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠার বিপজ্জনক বার্তা দেয়।
সোমবার (২৬ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানায় টিআইবি। সংস্থাটি আইজিপির বক্তব্য প্রত্যাহার, আনুষ্ঠানিক ব্যাখ্যা এবং তাঁর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁকে দায়িত্ব থেকে অপসারণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব হলো পেশাদার তদন্তের মাধ্যমে অপরাধী শনাক্ত করা এবং গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা। এর বিকল্প হিসেবে ক্রসফায়ারকে সামনে আনা প্রাতিষ্ঠানিক দুর্বলতার সমাধান নয়; বরং তা পেশাগত ব্যর্থতার দৃষ্টান্ত।
তিনি বলেন, আইজিপি একদিকে আইন ও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের কথা বলেছেন, অন্যদিকে সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারের কথা বলেছেন। এ দুই অবস্থান পরস্পরবিরোধী। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে সুরক্ষিত আইনের আশ্রয়লাভ, জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার নির্বাহী সিদ্ধান্তে বাতিল করা যায় না। অভিযোগ যত গুরুতরই হোক, বিচারপ্রক্রিয়া পাশ কাটিয়ে কাউকে হত্যার এখতিয়ার পুলিশের নেই।
অতীতের বিভিন্ন ঘটনার উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, সিনহা হত্যা মামলায় পুলিশ সদস্যদের দণ্ড, টেকনাফের কাউন্সিলর একরামুল হকের কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনা এবং নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দণ্ড ক্ষমতার অপব্যবহারের ভয়াবহতা সামনে এনেছে। এসব অভিজ্ঞতার পরও পুলিশপ্রধানের বক্তব্যে ক্রসফায়ারের সম্ভাবনা উঠে আসা উদ্বেগজনক। অতীতের ঘটনা থেকে পুলিশ কী শিক্ষা নিয়েছে, সে প্রশ্নের উত্তর তাঁকেই দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, পুলিশপ্রধানের এ ধরনের বক্তব্য মাঠপর্যায়ে অবৈধ বলপ্রয়োগের পরোক্ষ ছাড়পত্র হিসেবে বিবেচিত হতে পারে। নাগরিকের জীবন ও আইনি সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব যাঁর, তাঁর বক্তব্যে ক্রসফায়ারকে বিকল্প হিসেবে তুলে ধরায় নেতৃত্বের দায়িত্ববোধ ও উপযুক্ততা নিয়ে প্রশ্ন ওঠে।
বিজ্ঞপ্তিতে গত ১৪ সেপ্টেম্বর আইনমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরে টিআইবি। সংস্থাটি জানায়, আইনমন্ত্রী তখন বলেছিলেন, সন্ত্রাস দমনে সরকার ক্রসফায়ারের পথে যাবে না এবং বিদ্যমান আইন দিয়েই সন্ত্রাস দমন সম্ভব। এ অবস্থানের পরও আইজিপি কেন সরকারের অনুমতি সাপেক্ষে ক্রসফায়ারের সম্ভাবনা সামনে এনেছেন, তার ব্যাখ্যা চেয়েছে সংস্থাটি। পাশাপাশি সরকারের ঘোষিত অবস্থান বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
টিআইবি বলেছে, পুলিশি বলপ্রয়োগ অবশ্যই আইনসম্মত, প্রয়োজনীয় ও আনুপাতিক হতে হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, অস্ত্রের ইচ্ছাকৃত প্রাণঘাতী ব্যবহার কেবল জীবন রক্ষায় কঠোরভাবে অনিবার্য পরিস্থিতিতেই গ্রহণযোগ্য। এ সীমিত সুযোগকে বিচারবহির্ভূত হত্যার অনুমোদন হিসেবে উপস্থাপন করা যায় না।
সাংবাদিকদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে পুলিশের সমালোচনা করার অভিযোগ প্রসঙ্গেও অবস্থান জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলেছে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তবে এ ধরনের অভিযোগ মুক্ত গণমাধ্যমের নজরদারি ও জবাবদিহিমূলক ভূমিকা প্রশ্নবিদ্ধ করতে পারে এবং স্বাধীন সাংবাদিকতাকে নিরুৎসাহিত করার ঝুঁকি তৈরি করে। পুলিশের কাজের পরিবেশ ও সক্ষমতা নিশ্চিত করার প্রয়োজন সমালোচনা এড়ানোর যুক্তি হতে পারে না।
আইজিপির বক্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা গ্রহণ, প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়া, বক্তব্য প্রত্যাহার এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি। একই সঙ্গে জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছে সংস্থাটি।






























