রাষ্ট্রদূতকে ফেরানোর সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা

- সর্বশেষ আপডেট ০৪:৩৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 154
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের আগে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ সম্মেলন সামনে রেখে নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাগুলোর তৈরি জাতীয় অবস্থানপত্র প্রকাশ এবং জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরের মাধ্যমে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন শামা ওবায়েদ।
কপ-৩১ সম্মেলনে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরার পরিকল্পনার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সীমিত বাজেট নিয়েও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে কাজ করছে। সম্মেলনে জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হবে।
শামা ওবায়েদ বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি অভিযোজন ও প্রশমনে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এ সহায়তা অনুদান হিসেবে দেওয়া উচিত, যাতে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা না বাড়ে। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি তহবিল গঠনও জরুরি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের স্বার্থ তুলে ধরতে ঐক্যবদ্ধ অবস্থান প্রয়োজন। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় আন্তমন্ত্রণালয় ফোকাল টিম গঠন করেছে। পরিবেশ নিয়ে কাজ করা তরুণদেরও এ প্রক্রিয়ায় যুক্ত করার সুযোগ রয়েছে।
































