রোটেশনে লঞ্চ সংকট, ভোগান্তিতে চরফ্যাশনের যাত্রীরা

- সর্বশেষ আপডেট ০৮:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 220
ভোলার চরফ্যাশনের বেতুয়া-ঢাকা নৌপথে লঞ্চ চলাচলে রোটেশন পদ্ধতির কারণে যাত্রীদের ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ উঠেছে। পর্যাপ্ত লঞ্চ থাকা সত্ত্বেও প্রতিদিন সীমিতসংখ্যক লঞ্চ চলাচল করায় কেবিন ও ডেকের জায়গা পেতে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। এ সুযোগে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগও উঠেছে লঞ্চের কর্মচারী ও দালালদের বিরুদ্ধে।
ভুক্তভোগী যাত্রী ও স্থানীয় সূত্রের দাবি, চরফ্যাশন থেকে রাজধানী ঢাকায় যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম এই নৌপথ। কিন্তু রোটেশন পদ্ধতির কারণে প্রতিদিন সব লঞ্চ চলাচল করে না। ফলে ঘাটে এসে অনেক যাত্রীকে কেবিন কিংবা ডেকে জায়গা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
যাত্রীদের অভিযোগ, কেবিনের সংকটকে কাজে লাগিয়ে কোনো কোনো ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত অর্থ দাবি করা হয়। বাড়তি টাকা দিতে না চাইলে কেবিন পাওয়া কঠিন হয়ে পড়ে। এ ছাড়া যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে।
চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল হোসেন মিয়া বলেন, এ এলাকা থেকে প্রতিদিন অনেক মুমূর্ষু রোগী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যান। কিন্তু লঞ্চে কেবিন বা পর্যাপ্ত জায়গা না পেয়ে রোগীদের নিয়ে স্বজনদের ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষা করতে হয়। অনেক সময় বাধ্য হয়ে ডেকে গাদাগাদি করে যাতায়াত করতে হয়, যা রোগীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
স্থানীয়দের দাবি, রোটেশন পদ্ধতি বাতিল করে প্রতিদিন সব লঞ্চের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে হবে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানা গেছে। তবে সাময়িকভাবে রোটেশন বন্ধ হলেও কিছুদিন পর আবার তা চালু করা হয় বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
ভুক্তভোগী ও সচেতন মহল মনে করছেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসনের কার্যকর তদারকি প্রয়োজন। পাশাপাশি রুট পারমিটধারী লঞ্চগুলোর নিয়মিত চলাচল নিশ্চিত করা এবং কেবিন বুকিংয়ে স্বচ্ছতা আনতে অনলাইন টিকিটিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন তাঁরা।
































