ভারত ভাঙার ষড়যন্ত্র চলছে: আরএসএস প্রধান
- সর্বশেষ আপডেট ০৫:৪৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 21
ভারতকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তার দাবি, ভারতের অগ্রগতিতে ঈর্ষান্বিত কিছু শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রাস্তায় বিক্ষোভ করে সরকার পরিবর্তনের চিন্তা ভুল বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) মহারাষ্ট্রের নাগপুরে আরএসএসের বিজয়া দশমী উদ্যাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মোহন ভাগবত।
তিনি বলেন, ভারতের উন্নতি ও শক্তি বৃদ্ধি অনেকের কাছে অসহ্য হয়ে উঠেছে। দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে না পেরে এসব শক্তি বিভেদ ও অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তাদের প্ররোচনায় কিছু মানুষ আন্দোলনে নামছে বলেও দাবি করেন তিনি।
ভারতে সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলন নিয়ে বিজেপি ও আরএসএস নেতাদের সমালোচনার মধ্যেই ভাগবতের এই বক্তব্য এল। এর আগে আরএসএসের মুখপত্র ‘অর্গানাইজার’-এ কংগ্রেসসহ বিরোধী দলগুলোর আন্দোলনকে ভারতবিরোধী শক্তির ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত করে বক্তব্য প্রকাশিত হয়েছিল।
সাম্প্রতিক বিক্ষোভের সঙ্গে বিদেশি শক্তির সংশ্লিষ্টতার অভিযোগও তুলেছেন বিজেপির বিভিন্ন নেতা। তাদের কেউ কেউ যুক্তরাষ্ট্রের ধনকুবের জর্জ সোরসের আর্থিক সহায়তা এবং পাকিস্তানের ষড়যন্ত্রের প্রসঙ্গ সামনে এনেছেন। বাংলাদেশে বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পতন ঘটানোর পর ভারতেও একই ধরনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তারা।
মোহন ভাগবত তার বক্তব্যে ফ্রান্স, আলবেনিয়া, বাংলাদেশ ও নেপালের পরিস্থিতির উদাহরণ টানেন। তিনি বলেন, বিশ্বের কিছু শক্তি ভারতকে দুর্বল দেখতে চায়। এসব শক্তি ভারতের সংস্কৃতি, শৃঙ্খলা, সামাজিক ব্যবস্থা ও মানবিক মূল্যবোধের বিরোধী। নিজেদের স্বার্থ হাসিল করতে তারা বিভিন্ন দেশে অস্থিরতা তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি।
সরকার পরিবর্তন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমন ধারণারও সমালোচনা করেন আরএসএস প্রধান। তার মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় আন্দোলন হতে পারে, তবে সেই আন্দোলনের লক্ষ্য হওয়া উচিত সমস্যার সমাধান খুঁজে বের করা, দেশকে ধ্বংস করা নয়।
ভাগবত আরও বলেন, ভারত, হিন্দু ও আরএসএসের ক্ষতি করতে কিছু শক্তি পরিকল্পিতভাবে কাজ করছে। ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা থেকে কিছু উচ্চাকাঙ্ক্ষী নেতাও এসব কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন বলে দাবি করেন তিনি। তবে এসব গোষ্ঠী দেশের মানুষের মধ্যে ঘৃণা, সংঘাত ও বিভেদ তৈরি করতে পারবে না বলে মন্তব্য করেন আরএসএস প্রধান।

































