পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
মৃত্যুদণ্ড কার্যকর, সৌদির কাছে জবাব চায় ঢাকা
- সর্বশেষ আপডেট ০৫:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / 68
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেছেন, এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে তথ্য বিনিময়ে ঘাটতি ছিল।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আলোচনা চলছে।
হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো ও গভীর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের সঙ্গে দেশটির সম্পর্ক ঐতিহাসিক। ভবিষ্যতে এ সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশই জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী। এ ধরনের ঘটনায় দুই দেশের মধ্যে তথ্য বিনিময় ও যোগাযোগ থাকার কথা। কিন্তু এ ক্ষেত্রে তথ্যের ঘাটতি কেন হয়েছে, তা জানতে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
ঘটনাটিকে অত্যন্ত হতাশাজনক ও দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ‘এটা যদি হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবে এটা অত্যন্ত হতাশাজনক এবং দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য না।’
মৃত্যুদণ্ড কার্যকরের পর ব্লাড মানি বা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া সম্ভব কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাওয়ায় এখন সেই সুযোগ আর নেই। তথ্য বিনিময়ে কোথায় ঘাটতি হয়েছে, তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

































