সেনাসদস্যদের জন্য ওয়ান র্যাংক ওয়ান পেনশন

- সর্বশেষ আপডেট ১১:৪৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 180
সেনাসদস্যদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অবসর-পরবর্তী সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ওয়ান র্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠান-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সেনাসদস্যদের কল্যাণ, আবাসন, চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ, ক্যারিয়ার উন্নয়ন এবং অবসর-পরবর্তী সামাজিক নিরাপত্তাকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ইতোমধ্যে জাতীয় পে-স্কেলে সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন ও ভাতা ১০০ থেকে ১৩৮ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। সেনাসদস্যদের জীবনযাত্রার মান আরও উন্নত করতে ওয়ান র্যাংক ওয়ান পেনশন বাস্তবায়নের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
সেনা পরিবারের সদস্য হিসেবে সেনা পরিবেশে বেড়ে ওঠার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এ ধরনের পরিবেশ তাঁর কাছে পরিচিত। অনুষ্ঠানে পেশাগত সাফল্যের স্বীকৃতি হিসেবে ৭ ও ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করা হয়। এ অর্জনের জন্য সংশ্লিষ্ট ইউনিটগুলোর সদস্যদের অভিনন্দন জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ন্যাশনাল স্ট্যান্ডার্ড কেবল একটি পতাকা নয়; এটি একটি ইউনিটের ইতিহাস, ঐতিহ্য, শৃঙ্খলা, আত্মত্যাগ, পেশাদারত্ব ও দেশের প্রতি অঙ্গীকারের প্রতীক। জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি সেনাসদস্যের পবিত্র দায়িত্ব। এই স্বীকৃতি দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকারকে স্মরণ করিয়ে দেয়।
বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, যুদ্ধের ধরন ও কৌশল দ্রুত বদলে যাচ্ছে। স্থল, সমুদ্র ও আকাশের পাশাপাশি সাইবার স্পেস, মহাকাশ, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইলেকট্রনিক যুদ্ধ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সক্ষমতা জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এ বাস্তবতায় প্রতিরক্ষা প্রস্তুতিকে সময়োপযোগী করার কাজ চলছে।
তিনি আরও বলেন, সরকার সেনাবাহিনীর আধুনিকায়নের পাশাপাশি প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও প্রতিরক্ষাসামগ্রী দেশেই উৎপাদনের লক্ষ্যে দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে। প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর মধ্যে সমন্বিত প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলাও জরুরি।
সশস্ত্র বাহিনীর বহুমুখী ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিরক্ষার পাশাপাশি বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে সেনাসদস্যরা দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিদেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও তাঁরা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
































